কিশোরগঞ্জের কটিয়াদিতে গরুবোঝাই পিকআপ ও সেলো ইঞ্জিনচালিত নছিমন টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৯মে) কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মো. রাজিব (৩৫ জেলার কুলিয়ারচর উপজেলার বাসিন্দা। তিনি কুলিয়ারচরের গোবরিয়া আবদুল্লাহপুরের মফিজ উদ্দিনের ছেলে।
ঘটনার দিন রাজিব মিয়া কটিয়াদি থেকে গরুবোঝাই পিকআপ নিয়ে ভৈরবের একটি হাটে যাচ্ছিলেন। কটিয়াদি থেকে ছেড়ে এসে হাইওয়ে সংলগ্ন পিরিজপুর দাখিল মাদ্রাসার কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাশের জমিতে ছিটকে পড়ে পিকআপটি।
দুর্ঘটনায় গুরুতর ব্যক্তিকে তাৎক্ষণিক নিকটবর্তী জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পিকআপে থাকা ৫টি গরুর ৪টির অবস্থাই ছিলো আশঙ্কাজনক। স্থানীয়দের উদ্যোগে এগুলো তাৎক্ষণিক জবাই করা হয়।
কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করেছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।


















