কয়েক দিনের টানা উষ্ণতায় হাঁসফাস করছে সিলেটবাসী। প্রখর রোদ আর উচ্চ আর্দ্রতায় শ্বাস, প্রশ্বাসে যেন আগুন ধরে যাবার উপক্রম। তবে আগামীকাল বজ্রসহ বৃষ্টিপাতের আশ্বাসে কিছুটা যেনো স্বস্তি পাওয়া গেলো।
তীব্র গরমে স্বস্তি পেতে কেউ ছুটছেন নদী, নালা, খাল, বিলে আবার কেউ একটু ঠান্ডা পানি আর শরবতেই নিজেকে নিবৃত করছেন। সুইমিংপুলেও ভিড় জমাচ্ছেন কেউ কেউ। একটু গাছের ছায়ায় প্রাণ বাঁচাতে ছুটছেন পথচারী আর কৃষকরা।
শনিবার (৬ জুন) সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫ দশমিক ৩ ডিগ্রী। তবে শুষ্ক বাতাসে এ তাপমত্রার অনুভূতি ছিলো আরও অনেক বেশি। সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, এ দিন সকালে বাতাসের আর্দ্রতা ছিলো ৬৯ শতাংশ।
খোলা আকাশের নিচে সবচেয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে কৃষকদের। রাস্তাঘাটে মানুষ ও যান চলাচলে কমে যায় উল্লেখযোগ্য হারে। নগরীর বাগবাড়ি এলাকার গৃহিণী সুমাইয়া সুমি জানান, একটু বাজার করতে বের হয়েছিলেন তীব্র গরমের কারণে কিছু জিনিসপত্র বাদ রেখেই বাসায় ফিরতে হচ্ছে।















