কিশোরগঞ্জের নিকলীতে অতিরিক্ত মাদক সেবন করে সামাজিক শৃঙ্খলা ভঙ্গ করায় ভ্রাম্যমান আদালতে একজনকে বিনামশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) জারইতলা ইউনিয়ের আরিফ (৩০) নামের একজনকে এ দণ্ড দেয়া হয়।
জানা গেছে আরিফ সাজনপুর দক্ষিণপাড়া গ্রামের গেনু মিয়ার ছেলে। অতিরিক্ত মাদক সেবন করে এলাকায় প্রায়ই মাতলামি ও জনদুর্ভোগের সৃষ্টি করে। এতে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে নিকলী থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
পরে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার (মুক্তি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(ক) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আরিফকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা হাওরকণ্ঠকে বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কারণে এলাকার সামাজিক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তাদের দৌরাত্ম্যে পরিবার-পরিজন, বিশেষ করে তরুণ প্রজন্মের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপন হুমকির মুখে পড়ছে। তাই মাদক নির্মূলে প্রশাসনের আরও কঠোর, নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনার দাবি জানান তারা।
এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান হাওরকণ্ঠকে বলেন, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী—কাউকেই কোনো ধরণের ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী সবার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভ্রাম্যমাণ আদালতের রায় কার্যকরের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।




By
By













