নিকলীতে ইয়াবা সেবনের দায়ে ছাব্বির (২১) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার গুরুই ইউনিয়নের পালপাড়া গ্রামে স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে নিকলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ছাব্বির পালপাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে। পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয়রা জানান, এলাকায় মাদক সেবন ও মাদকের বিস্তার সামাজিক পরিবেশকে নষ্ট করছে। মাদকাসক্তদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তারা ছাব্বিরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান হাওরকণ্ঠকে বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ছাড় দেওয়া হবে না।”
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।




By
By













