কিশোরগঞ্জের নিকলীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ভেন্যু কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনও)। শনিবার (১৮ জুলাই) জারইতলা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
এ দিনে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিলো। তিনি কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় পরীক্ষা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করেন ইউএনও রেহানা মজুমদার মুক্তি।
জানা যায়, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য ৬ কিলোমিটার দূরের জারইতলা স্কুল অ্যান্ড কলেজকে ভেন্যু কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ বছেই প্রথমবার এ প্রতিষ্ঠানটিকে ভেন্যু কেন্দ্র নির্বাচন করা হয়।
যেহেতু নিকলী কলেজের শিক্ষার্থীরা বেশিরভাগই নিকলী ও দামপাড়ার বাসিন্দা তাই তাদের নির্দিষ্ট সময়ে এত দূর পৌঁছানো অনেক কষ্টসাধ্য ব্যাপার। সময় মতো রিকশা না পেলে পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছাতে পারে না কোন কোন শিক্ষার্থী। বৃষ্টি হলে ভিজেই কেন্দ্রে পৌঁছাতে হচ্ছে তাদের। তবুও কেন্দ্রের মনোরম পরিবেশ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় স্বস্তির সঙ্গে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু দীপক কুমার বিশ্বাস হাওরকণ্ঠকে বলেন, ভেন্যু কেন্দ্রে মোট ৫৮৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। শুরু থেকেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
হল সুপার ও জারইতলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন হাওরকণ্ঠকে বলেন, পরীক্ষা সম্পূর্ণ সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ।
পরিদর্শন শেষে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) হাওরকন্ঠকে বলেন, পরীক্ষা নির্ধারিত সময়ে শুরু হয়েছে এবং পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। সার্বিক পরিবেশ সন্তোষজনক। পরীক্ষার্থীদের নিরাপত্তায় পুলিশ সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। এছাড়া স্বাস্থ্যসেবা টিমও কেন্দ্রে উপস্থিত থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।
এ সময় পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন পরীক্ষা কমিটির সদস্য সিনিয়র প্রভাষক জামরুল ইসলাম, এ.এইচ.এম. আসাদ, ট্যাগ অফিসার শহিদুল ইসলাম, শরীরচর্চা শিক্ষক আব্দুল জলিল, মো. খাইরুল ইসলাম, মাজহারুল ইসলাম এবং অফিস সহকারী আশরাফ উদ্দিন (নয়ন)।




By
By













