বিদেশি বংশোদ্ভূত হিসেবে আমেরিকান নাগরিকত্ব পাওয়া ২৫০ জনের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে বিচার বিভাগ (ডিওজে) আগামী অক্টোবরের মধ্যেই প্রায় ২৫০ মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে। হোয়াইট হাউজের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
চলতি বছর বিচার বিভাগ ২৯টি মামলা দায়ের করেছে। তবে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ সে তুলনায় নজিরবিহীন। এ পর্যন্ত যে সব অভিযোগ করা হয়েছে তাতে দাবি করা হয়েছে অভিযুক্তরা প্রতারণার মাধ্যমে আমেরিকান নাগরিকত্ব অর্জন করেছেন।
মার্কিন আইনে আছে কেউ আমেরিকার নাগরিকত্ব গ্রহণের সময় কোন তথ্য গোপন করলে যে কোন সময় তার নাগরিকত্ব বাতিল করতে পারবে দেশটি। প্রশাসনের দাবি মার্কিন নাগরিকত্বের মর্যাদা ও বৈধতা রক্ষা করতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া আমেরিকানদের ক্ষেত্রে এ আইন কার্যকর হবে না।
আমেরিকান নাগরিকত্ব ও অভিবাসন সংস্থার (ইউএসসিআইএস) তথ্য অনুযায়ী, গত এক দশকে প্রায় ৮০ লাখ মানুষ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন।
বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের অভিবাস নীতি বাস্তবায়নের এটিই হলো প্রথম পদক্ষেপ। এ সিদ্ধান্তের পর অভিবাসী সম্প্রদায়ের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে।















