কিশোরগঞ্জের নিকলী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির সহ সভাপতি মো. আবু সাঈদ রতন (৫৭) এর কাছে ১৫ লাখ টাকার চাঁদা দাবি। চাঁদা দিতে অস্বীকার করলে সপরিবারে প্রণনাশের হুমকি দেয় অজ্ঞাত এক দুর্বত্ত।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টা ২৫ মিনিটে ০১৪০১৮৪১৩০৯ নম্বর থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে এই হুমকি দেয়। এ সময় তিনি কিশোরগঞ্জ শহরের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান গাংচিল হোটেল এন্ড রেস্টুরেন্ট এর ব্যবসার সুবাদে খড়মপট্টি এলাকার বাসায় অবস্থান করছিলেন।
এ ঘটনায় বিএনপি নেতা আবু সাঈদ রতন নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-১৭৮৫ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
ফোনদাতা নিজেকে একটি গ্রুপের সদস্য পরিচয় দিয়ে দাবি করেন, তাদের গ্রুপের এক সদস্যের চিকিৎসার জন্য ৪০ লাখ টাকা প্রয়োজন। এর মধ্যে ২৫ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে, বাকি ১৫ লাখ টাকা মো আবু সাইদকে দিতে হবে।
অভিযোগে৷ আরো বলা হয়েছে, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানো হলে বা দ্রুত টাকা না পাঠালে তাকে কিংবা তার পরিবারের যেকোনো সদস্যকে গুরুতর ক্ষতির মুখে ফেলা হবে। এ সময় অশ্রাব্য ভাষায় গালাগালির পাশাপাশি প্রাণনাশের হুমকি ভয়ভীতিও দেখানো হয়।
এ ঘটনায় আতঙ্কিত বিএনপি নেতা মো আবু সাইদ নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কিশোরগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা হাওরকন্ঠকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ সেলিম মোল্লাকে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।




By














