মোহনগঞ্জ হাওরে স্থায়ী ফসল রক্ষা বাঁধ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নেত্রকোণার মোহনগঞ্জে মাছের লোভে ফসল রক্ষা বাঁধ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মোহনগঞ্জ উপজেলার চরহাইজদা এলাকায় এ ঘটনাটি ঘটে গত রোববার (১৪ জুলাই)। পরদিন সোমবার স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁধ মেরামত করেন।
স্থানীয়রা জানান, বাঁধের বিপরীত পাশে একটি গভীর কুড় (খাঁদ) রয়েছে। সেখানে বর্ষার মাছ ধরে রাখার জন্য একদল দুর্বৃত্ত বাঁধ কেটে দিয়েছে। এতে বর্ষায় হাওরের মাছ ধরে রাখা যাবে।
গাগলাজুর গ্রামের বাসিন্দা রাসেল মিয়া বলেন, ‘গত রোববার রাতে বাঁধটি কাটার চেষ্টা করেছে। পরদিন সোমবার বিষয়টি এলাকাবাসীর চোখে পড়লে আমাদের জানানো হয়। আমরা বাঁধ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কাউকে না পেয়ে নিজেরাই বাঁধ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ এই কাজে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।
একই এলাকার বুলবুল মিয়া বলেন, ‘মাছের লোভে দুর্বৃত্তরা রাতের আঁধারে স্থায়ী বাঁধের ওপরের ব্লক সরিয়ে মাটি কেটে ফেলেছে। বাঁধটি ক্ষতিগ্রস্ত হলে হাওরের ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে।’ এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে পাউবোর নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি তিনি জেনে কার্যালয় থেকে লোক পাঠিয়ে। বাঁধ মেরামত করা হয়েছে। বিষয়টি তদন্তের প্রক্রিয়া চলছে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় ইউএনওকে বিষয়টি দেখতে বলা হয়েছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

















