কাটছে না আকাশের মেঘ। কাটছে হাওরের কৃষকদের মনেরও মেঘ। বাড়ছে পানি। বাড়ছে ধান তোলা নিয়ে আশঙ্কা। আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছে এমন বৈরি আবহাওয়া অব্যহত থাকতে পারে।
প্রতিদিনই বাড়ছে পানিতে তলিয়ে যাওয়া পাকা ধানের জমির পরিমাণ। অপরদিকে কিছু ধান কাটা হলেও রোদ না থাকায় মাড়াই ও ধান শুকানোর কোন সুযোগই পাচ্ছেন না কৃষকার। অনেকের ধান জমিতে পচে যাচ্ছে কারও আবার কেটে আনা ধানে চারা গজিয়ে যাচ্ছে।
বছরের একমাত্র ফসল সংগ্রহে এমন দুরবস্থায় আগামী ছয় মাস কিভাবে চলবেন এমন হতাশায় আক্রান্ত হাওরের বেশিরভাগ কৃষক। এদিকে এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও তীব্র সঙ্কট রয়েছে ধান কাটার শ্রমিকের। অতিরিক্ত মজুরি দিয়েও মিলছে না দিনমজুর।
বিভিন্ন জেলার পানি উন্নয়ন কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, নদ নদীর পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। পানি এখনও বিপদসীমা অতিক্রম করেনি বলে তারা নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জের চাষি আনোয়ার হোসেন বলছিলেন, দেড়কানি জমিতে ধান চাষ করে একমুঠো ধানও ঘরে তুলতে পারি নাই। হাওরেই পচে যাচ্ছে ধানের জমি।















