নিকলী হাওরে গাজীপুরের পর্যটক নিখোঁজের দুই দিনেও সন্ধান পাওয়া যায়নি। দ্বিতীয় দিনের মতো শনিবার (১১ জুলাই) সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাসী করেও খুঁজে পায়নি শফিকুল ইসলাম তুলুকে (২৮)।
এর আগে শুক্রবার (১০ জুলাই) দুপুর আনুমানিক পৌনে ২টার বন্ধুদের সঙ্গে নিকলী হাওরে গোসল করতে পানিতে ঝাপ দিয়ে আর ফিরে আসেনি। খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় সারাদিন অনুসন্ধান করে তাকে উদ্ধার করতে পারেনি।
ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। নিখোঁজ পর্যটকের স্বজনরা দ্রুত তার সন্ধান পাওয়ার আশায় ঘটনাস্থলে অবস্থান করছেন। নিখোঁজ শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পরে শনিবার (১১ জুলাই) সকাল ৭টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে নিকলী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহ উপস্থিত থেকে তদারকি করেন। কিন্তু হাওরের প্রবল স্রোত ও প্রতিকূল পরিবেশের কারণে রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান মেলেনি।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিকলী হাওরের মাঝি, মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নদী বা হাওরের কোথাও কোনো মরদেহ বা মরদেহের মতো কিছু দেখতে পেলে যেনো দ্রুত প্রশাসন বা ফায়ার সার্ভিসকে অবহিত করতে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্থল ও নদী ফায়ার স্টেশনের সাব-অফিসার সাইফুল ইসলাম মুঠোফোনে হাওরকণ্ঠকে বলেন, শনিবারের উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। পর্যটক নিখোঁজে অনুসন্ধান রোববার (১২জুলাই) আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।




By

By












