কিশোরগঞ্জের নিকলী থানায় পুলিশ হেফাজতে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আসামী রুবেল (২১)।
জানা যায়, নিহত রুবেল উপজেলার শহরমূল গ্রামের রাজা হাওলাদারের ছেলে। অভিযোগ আছে উঠতি বয়সী এ তরুণ মাদকে আসক্ত ছিলো। নেশার বন্দোবস্ত না থাকলে টাকা আদায়ে সময়ে অসময়ে অত্যাচার করতো পরিবারের সদস্যদের।
রুবেলের অত্যচারে অতিষ্ঠ বাবার দেয়ালে পিঠ ঠেকলে বাধ্য হয়ে পুলিশে অভিযোগ করেন। বাবার অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার সকালে তাকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। আটক রুবেলকে পুলিশ হেফাজতে রাখা হলে বেলা ১১টায় নিজের গায়ে পরিহিত শার্ট হাজতের গ্রিলের সাথে বেঁধে তাতে ফাঁস নেয়।
রুবেলের পিতা রাজা হাওলাদার হাওরকণ্ঠকে বলেন, অতিরিক্ত নেশাগ্রস্ত ছিলো সে। অতিষ্ঠ হয়ে পুলিশে তুলে দিতে বাধ্য হয়েছেন তিনি। সকাল ৯টায় ছেলেকে নাস্তাও দিয়ে যান তিনি। বাড়ি ফেরার আগেই ফোনে জানতে পারেন পুলিশ হেফাজতেই তার ছেলে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে থানার উপপরিদর্শক আমজাদ হোসেন হাওরকণ্ঠকে বলেন, পিতার অভিযোগের ভিত্তিতেই রুবেলকে আটক করে থানা হাজতে রাখা হয়েছিলো। পরে তার বাবা এসে সকালের নাস্তাও দিয়ে যায়। এ সময় বাবার ওপর আর অত্যাচার করবেনা বলে বাবাকে আশ্বস্ত করার চেষ্টাও করেছিলো রুবেল। তখন তার অনুরোধে কর্নপাতই করেননি বাবা।
বেলা সোয়া ১১ টায় ফাঁস নেয়ার আগমুহূর্তেও রুবেলকে থানা হাজতে সুস্থই দেখা গেছে বলে দাবি করেন আমজাদ হোসেন। পরে আদালতে চালান দেওয়ার প্রক্রিয়া শুরু করা হলে হাজতের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান তিনি।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান হাওরকণ্ঠকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। প্রাথমিক তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।




By

By












