নিকলীতে অনুষ্ঠিত হয়ে গেলো পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) ত্রৈমাসিক সভা। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় নিকলী নতুন বাজার বণিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পিএফজির পিস অ্যাম্বাসেডর ও নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের প্রভাষক এ,এস,এম,আছাদ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো সংঘাত বা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সংলাপ, পারস্পরিক সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।
তারা সমাজে সহনশীলতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় বক্তারা আরও তুলে ধরেন, গত ৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময় নিকলীর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে।
পাশাপাশি সামাজিক সম্প্রীতি রক্ষা, বিরোধ নিরসন এবং জনসচেতনতা বৃদ্ধিতে পিএফজির বিভিন্ন কার্যক্রমের চিত্রও সভায় উপস্থাপন করা হয়। সভা শেষে অংশগ্রহণকারীরা নিকলীতে শান্তি, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমঅ্যান্ডই রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট এক্সপার্ট ফাতেমা মাহমুদা। বিশেষ অতিথি ছিলেন এমঅ্যান্ডই রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার সায়েদুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাঠ সমন্বয়কারী মোঃ আক্তারুজ্জামান, নিকলী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নিকলী উপজেলা শাখার সভাপতি খায়রুল মোমেন (স্বপন)সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা।




By
By













