কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নিখোঁজের একদিন পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে এক ছাত্রের লাশ। মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার সিংপুর ইউনিয়নের টেংগুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায় ছাত্রের নাম তাওহীদ হোসেন (১৩)। পিতা মো. গুলজার হোসেন। সে টেংগুরিয়া গ্রামেরই বাসিন্দা। সে দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
স্থানীয় বাসিন্দা ও নিহতের মামা রনি মিয়ার ভাষ্য অনুযায়ী, সোমবার (২০ জুলাই) বিকেলে তাওহীদ গোসল করতে নদীতে যায়। এ সময় নদীর তীরে একটি বেসরকারি এনজিও পরিচালিত ভাসমান স্কুলের ওপর থেকে বন্ধুদের সঙ্গে পানিতে ঝাঁপ দেওয়ার একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পায়নি।
পরদিন মঙ্গলবার সকালে সিংপুর বাজার ও ইসলামপুর গ্রামের মাঝখান দিয়ে প্রবাহিত খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরিবারের সদস্যরা মরদেহটি তাওহীদ হোসেনের বলে শনাক্ত করেন।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। হাওরকণ্ঠকে তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাওহীদের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




By
By













