কিশোরগঞ্জের নিকলীতে অনুষ্ঠিত হয়ে গেলো জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষ্যে উপজেলায় আয়োজন করা হয় পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা। বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
২০২৪ সালের এই দিনে সারা দেশ ফুসে উঠেছিলো সরকার পতনের আন্দোলনে। জুলাইয়ের রক্তক্ষয়ী সংগ্রামে আমরা হারিয়েছি বহু তরুণ বীরদের। তাদের স্মরণেই আয়োজিত আলোচনা সভায় যোগ দেন উপজেলার রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও সুধী সমাজ।
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী (মণি)-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদুল্লাহ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিকলী উপজেলা শাখার সভাপতি আলহাজ অ্যাডভোকেট বদরুল মোমেন (মিঠু), সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোজাম্মেল হক (আবীর), বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমতিয়াজ মনির, নিকলী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাফী উদ্দিন, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জামরুল ইসলাম, দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক শেখ ওবায়দুল হক (সম্রাট) এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী আলহেবিন ও বায়েজিদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারন সম্পাদক হাজী মাসুক মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো. রিমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার সাইফুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
বক্তারা জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে ২০২৪ সালের রাজনৈতিক সহিংসতা, নির্যাতন ও তৎকালীন পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে বর্তমান প্রশাসনের ভূমিকা নিয়েও মতামত ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।




By
By













