গত কয়েক দিনে টানা বৃষ্টিতে আর উজানের ঢলে হাওরের বিভিন্ন নদ নদীর পানি ক্রমাগত বাড়ছে। হাওরজুড়ে পানির উচ্চতা বাড়ার সাথে সাথে ডুবে গেছে সাবমার্চেবল সড়ক, ফেরিঘাট ও বিভিন্ন সংযোগ সড়ক। বর্ষার পানি বৃদ্ধির কারণে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ইতোমধ্যেই। বন্ধ হয়েছে ফেরি চলাচল।
বর্ষার পানি বাড়ায় ইতোমধ্যেই সাময়িক ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এরই মধ্যে হাওরে ভরপুর পানি না থাকায় নৌচলাচলও শুরু হয়নি পুরোদমে। এতে ভোগান্তি বাড়ছে হাওরে সাধারণ মানুষ, ব্যবসায়ী, কর্মজীবি ও হাসপাতালগামী রোগীদের।
স্থানীয় সূত্রগুলো বলছে, জেলার মিঠাইমইন উপজেলার শান্তিপুর, ইটনায় বড়িবাড়ি, বলদা, করিমগঞ্জের বালিখোলা, চামটাঘাট এবং বাজিতপুরের পাটুলি ফেরিঘাটের সংযোগ সড়ক ডুবে গেছে। সে কারণেই ইতোমধ্যেই ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।


















