শিক্ষাই জাতির মেরুদণ্ড। মুখে মুখে কথাটি বেশ প্রচলিত। তবে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের মেরুদণ্ড কতটাই শক্ত করতে পেরেছে? জেলা শহরের একটি সরকারি কলেজের নেই ক্লাসরুম, ক্যান্টিন নেই, নেই পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা।
এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মৌলভীবাজার সরকারি কলেজ। শিক্ষক সঙ্কটে থাকা এই কলেজের শিক্ষার্থীদের ভবিষ্যৎ দেখার যেনো কেউ নেই। সরকারিকরণের দুই যুগ পার হয়ে গেলেও পূর্ণ হয়নি শিক্ষকদের শূণ্যপদ।
পর্যাপ্ত ক্লাসরুমের অভাবে গাদাগাদি করেই শিক্ষার্থীরা পাঠ নিচ্ছেন। প্রতিষ্ঠানটির সুনামের কারণে দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য তাদের জন্য নেই কোন বাসের ব্যবস্থা। ছাত্রাবাস থাকলে অস্বাস্থ্যকর পরিবেশেই পড়াশোনা করছেন শিক্ষার্থীরা।
সোমবার (১১মে) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কলেজ শাখার শিক্ষার্থীরা কলেজের গুরুতর সমস্যাগুলো চিহ্নিত করে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে তারা ৮ দফা দাবি জানিয়েছে।
অধ্যক্ষ তাদের স্মারকলিপি গ্রহণ করে সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় অন্যান্য বিষয়ে পরামর্শ নেন শিক্ষার্থীদের কাছ থেকে।
স্মারকলিপির দাবীসমূহ-
১. ক্লাসরুম সংকট, শিক্ষক সংকট নিরসন করতে হবে।
২. কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার ও সকল বিভাগের সেমিনার আধুনিকায়ন করে পর্যাপ্ত বই বরাদ্দ দিতে হবে।
৩. কলেজের হলসমূহের সংস্কার করা, রিডিং রুম স্থাপন করা ও ওয়াইফাই সুবিধা দেওয়া।
৪. কলেজ ক্যান্টিন নির্মাণ করতে হবে।
৫. স্যানিটেশন ব্যবস্থা উন্নত করা এবং পর্যাপ্ত সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিতে হবে।
৬. এমবিবিএস ডাক্তার নিয়োগ দিয়ে কলেজে মেডিকেল সেন্টার চালু করতে হবে।
৭.পর্যাপ্ত কলেজ বাস চালু করে যাতায়াত সংকট নিরসন কর।
৮. মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।















