কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজের একদিন পর ধনু নদী থেকে উদ্ধার হয়েছে এক শিশুর লাশ। বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার সিংপুরের ধনু নদী থেকে শিশুটির লাশ উদ্ধার পরে। খবর পেয়ে শিশুটির বাবা মা লাশ শনাক্ত করে।
শিশুটির নাম সান্তনা (৭)। সিংপুর ইউনিয়নের পূর্ব টেংগুরিয়া গ্রামের শাহজাহান মিয়ার দ্বিতীয় মেয়ে সে। সান্তনা উপজেলার একটি এনজিও পরিচালিত ভাসমান স্কুলের নিয়মিত শিক্ষার্থী ছিলো।
পারিবারসূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সান্তনা বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সারাদিন সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে সন্ধ্যায় নিকলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভূক্ত করেন।
বৃহস্পতিবার সকাল প্রায় ১১টায় স্থানীয় লোকজন ধনু নদীতে একটি শিশুর লাশ ভাসতে দেখে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি সান্তনার বলে শনাক্ত করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের বাবা মো. শাহজাহান মিয়া জানান, তার মেয়ে সাঁতার জানতো। পানিতে ডুবে মারা যাওয়ার কোন কারণই নেই। সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে তিনি বলেন, তার আপন ছোট ভাইয়ের পরিবারের সদস্যদের প্রতি তার সন্দেহ রয়েছে।
এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান হাওরকণ্ঠকে বলেন, নিহত শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে ঘটনার প্রকৃত কারণ জানা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




By

By












